প্রকাশিত: Sat, Mar 18, 2023 10:12 PM
আপডেট: Fri, Jun 5, 2026 2:01 AM

আরাভকে আমি চিনি না: বেনজীর আহমেদ

মাসুদ আলম: সম্প্রতি পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম আপনের একটি সোনার দোকান উদ্বোধন করতে দুবাই যান বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ও হিরো আলম। এরপর থেকে আরাভ খানকে নিয়ে দেশে আলোচনার ঝড় ওঠে।

গুঞ্জন রয়েছে, সদ্য অবসরে যাওয়া পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় আরাভ খান নাম বদলে নকল পাসপোর্ট বানিয়ে দেশ ছেড়ে পালান। এমন আলোচনার মধ্যেই শনিবার বিকেলে সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান তিনি আরাভ খানকে চেনেন না।

তিনি পোস্টে লেখেন, সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে আমি কাউকে চিনি না। আমার সঙ্গে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই। তিনি আরও লেখেন, আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্যতা নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব